ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা :
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু করেছেন। বিএনপি জনগণের সেবায় বিশ্বাস করে। বিএনপি জনগণের সেবক।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের হযরতপুরে ইটাভাড়া পোস্ট অফিসের নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, অন্যের ঐতিহ্য নষ্ট করলে একসময় নিজের ঐতিহ্যও নষ্ট হয়ে যায়। তাই বিএনপি কখনো অন্যের ক্ষতি হয়—এমন কোনো কাজ করে না। কারও ঐতিহ্য নষ্ট করার জন্য আমি এমপি হইনি। ১৯৬২ সালে এই পোস্ট অফিসটি প্রতিষ্ঠিত হয়েছিল। যেখানে পোস্ট অফিস প্রতিষ্ঠা করা হয়েছে, আজীবন সেখানেই পোস্ট অফিস থাকবে। কখনোই কারও ঐতিহ্যের ওপর হাত দেওয়া হবে না।
ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, ১৯৯১ সালে যখন আমি প্রথম এমপি হই, তখন থেকেই জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আপনারাই আমাকে পাঁচবার এমপি বানিয়েছেন। বিএনপির আমলেই সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে। বিএনপি সরকারের বয়স মাত্র পাঁচ মাস। এরই মধ্যে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। আগামী দিনে আরও ব্যাপক উন্নয়ন হবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, ঢাকা-২ আসনকে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ভূমিদস্যুমুক্ত করে শান্তির নীড় হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আতিয়া সুলতানা, এমদাদুল হক বকুল, ইঞ্জিনিয়ার বেনজীর আহমেদ, অধ্যাপক খোরশেদ আলম, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মিন্টু, হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল করিম এবং কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
