ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় ফেরেন। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।
বিজ্ঞাপন
ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় জানায়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় শুক্রবার এ প্রত্যাবাসন ফ্লাইট পরিচালিত হয়। এর মাধ্যমে তিন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এতে বলা হয়, ইউরোপে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের বিষয়ে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হয়। একই সঙ্গে নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করেছে দূতাবাস।
দূতাবাস আরো জানায়, যথাযথ ভিসা ছাড়া ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী, দালাল বা চোরাকারবারিদের অর্থ দেওয়া অবৈধ। এ ধরনের পদক্ষেপের পরিণতিতে নিজ দেশে ফেরত পাঠানো এবং শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
