কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় স্কিন সাইন ক্রিম, চশমা, চা-পাতা, জিরা ও টমেটোসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের মোট সিজারমূল্য ২৩ লাখ ৫৭ হাজার টাকা।
বিজিবি জানায়, রোববার সকাল ১০টার দিকে কানাইঘাটের সুরাইঘাট বিওপির বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ ভেতরে বাদশাবাজার এলাকায় অভিযান চালায়। এতে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৮০০ পিস স্কিন সাইন ক্রিম, ৩ হাজার পিস চশমা ও ২৪০ কেজি চা-পাতা জব্দ করা হয়। এগুলোর জব্দমূল্য ২০ লাখ ২০ হাজার টাকা।
এর আগে শনিবার রাতে জৈন্তাপুর বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৭০ বস্তা ভারতীয় জিরা ও ৪০০ কেজি টমেটো জব্দ করে। এসব পণ্যের জব্দমূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা।
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
