কালবেলা · সাধারণ
ইডেন কলেজে বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ
১১/১০/২০২৬

ইডেন মহিলা কলেজের আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনালে অর্থনীতি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংরেজি বিভাগ।
রোববার (১১ অক্টোবর) কলেজের বাস্কেটবল মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য ও দলগত মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজিত এ প্রতিযোগিতায় ফাইনালে মুখোমুখি হয় অর্থনীতি ও ইংরেজি বিভাগ।
দুই বিভাগের খেলোয়াড়দের অংশগ্রহণে ফাইনাল ম্যাচটি প্রতিযোগিতার অন্যতম আকর্ষণে পরিণত হয়। শেষ পর্যন্ত অর্থনীতি বিভাগকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় ইংরেজি বিভাগ।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহনাজ পারভীন এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. আফরোজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তবিভাগীয় ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. শারমিন জাহান।
রানারআপ দলনেতা চৈতি আক্তার বলেন, ‘আগে ইডেন মহিলা কলেজে প্রথম আন্তঃবিভাগ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, আমরা ৮টি বিভাগ অংশগ্রহণ করেছিলাম, আজকে আমরা ইংরেজি বিভাগের মুখোমুখি হয়েছি তারা খুব ভালো খেলেছে ও বিজয়ী হয়েছে। আশা করি এখান থেকেই আন্তর্জাতিক মানে খেলোয়াড় বের হবে।’
ইংরেজি বিভাগের দলের পক্ষে থেকে সিনথিয়া ইসলাম বলেন, ‘আমরা বাস্কেটবলটাকে অনেক ভলাবাসি। খেলার বিজয়ী হওয়ার ব্যাপারে আমার আত্নবিশ্বাসী ছিলাম জীততে পেরে ভালো লাগছে।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা বলেন, ‘নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। আমাদের আজকের ফাইনালে অর্থনীতি বিভাগ ও ইংরেজি বিভাগ অংশগ্রহণ করে, আমরা অনেক আনন্দের সাথে খেলাটা উপভোগ করেছি আমরা চাই মেয়েরা খেলাধুলায় ভালো করবে, তাদের জন্য শুভকামনা।’
মূল প্রতিবেদনে যান ↗