দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, তাওহীদুল ইসলাম বুখারী ভারত যাওয়ার উদ্দেশ্যে বহির্গমন ইমিগ্রেশন ডেস্কে উপস্থিত হন। তাঁর পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় সন্দেহ হলে পিসিপিআর যাচাই করা হয়। পরে সংশ্লিষ্ট মামলার তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। তাঁর পাসপোর্ট নম্বর A21193139 এবং ভিসা নম্বর VN3569516। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (আইসি) মোহাম্মদ তুহিন জানান, ভারতে যাওয়ার সময় ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আটকের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তাওহীদুল ইসলাম বুখারীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা রয়েছে। ইমিগ্রেশন পুলিশ তাঁকে দর্শনা থানা-পুলিশের হেফাজতে দিয়েছে। বিষয়টি টাঙ্গাইল সদর থানা-পুলিশকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট থানা-পুলিশ পৌঁছালে তাঁকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
The post ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে ছাত্রলীগের সদস্য আটক appeared first on ভোরের চেতনা.
