কালবেলা · সাধারণ
খুলনায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি
১৪/১০/২০২৬

ওয়ান ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় খুলনায় বাংলা কিউআর বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। দেশে ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করা এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারের সুবিধা সম্পর্কে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্বাহী পরিচালক শামসুল আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের পরিচালক (সুপারভিশন) এস.এম কামালুজ্জামান কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ফাইন্যানশিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর প্রধান কাজী জিয়াউল ইসলাম।
শামসুল আরেফীন বলেন, ‘বাংলা কিউআর কেবল একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ও আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটি কিউআর কোড ব্যবহার করে গ্রাহকরা যেকোনো অংশগ্রহণকারী ব্যাংকের অ্যাপ বা মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস অ্যাকাউন্টের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও সহজে লেনদেন করতে পারেন।’
এ সময় কাজী জিয়াউল ইসলাম দৈনন্দিন লেনদেনে বাংলা কিউআর এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত ডিজিটাল লেনদেনের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের একটি নির্ভরযোগ্য রেকর্ড তৈরি হয়। এতে প্রকৃত ব্যবসায়িক আয়-ব্যয়ের চিত্র আরও স্পষ্ট হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের সহকারী পরিচালক মো. নাফিউল করিম বাংলা কিউআর-এর কার্যপদ্ধতি, ব্যবসায়ীদের জন্য এর সুবিধা এবং ব্যবহারের নিয়ম নিয়ে একটি উপস্থাপনা দেন।
কর্মসূচির অংশ হিসেবে খুলনার বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং নির্বাচিত স্থানীয় ব্যবসায়ী ও মার্চেন্টদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর পেমেন্ট স্ট্যান্ড হস্তান্তর করা হয়। এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বাংলা কিউআরের ব্যবহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে ওয়ান ব্যাংক পিএলসি দেশজুড়ে বাংলা কিউআর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহার সম্প্রসারণে কাজ করে যাবে, যাতে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা আরও সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন।
মূল প্রতিবেদনে যান ↗