স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় মো. শাহজালালী (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুর দুইটার দিকে রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিকশাচালক শাহজালালীর বাড়ি নগরীর মতিহার থানাধীন এলাকায়।
ঘাতক প্রাইভেটকারটির চালক এস এম রিজন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শামীম হাসান জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দ্রুতগতিতে প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় রিজন প্রথমে এক নারী পথচারীকে ধাক্কা দেন। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুটি রিকশাচালককে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালক নিহত হন। ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে গাড়িটি ঘেরাও করেন এবং চালক রিজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আরএমপির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গাড়ি ও চালক শিক্ষার্থীকে বোয়ালিয়া থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
The post রাবি শিক্ষার্থীর প্রাইভেটকার চাপায় রিকশাচালকের মৃত্যু, আহত ২ appeared first on সোনালী সংবাদ.
