নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ দুজনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাতে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির আওতাধীন ছনপাড়া গ্রামের পূর্বপাশে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার চর কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে আব্দুল খালেক এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে আমিরুল ইসলাম।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নৌ পুলিশের টহল দলের ইনচার্জ এসআই আক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মেঘনা নদীতে অভিযান চালায়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের মূল কারিগর ও সংশ্লিষ্ট প্রকৌশলীসহ বেশ কয়েকজন কৌশলে পালিয়ে যান।
পলাতক আসামিরা হলেন- রাজশাহীর বাগমারা থানার বসন্তপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ও ড্রেজারের প্রকৌশলী আবু মুকিত শুভ (৪৫), মানিকগঞ্জের দৌলতপুর থানার পারুলিয়া গ্রামের মোকসেদের ছেলে লিভারম্যান শাহ আলম, চঞ্চল, জাহাঙ্গীর, এনামসহ আরও ২ থেকে ৩ জন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ‘এম-০১-২৬২২’ নম্বরের একটি কাটিং ড্রেজার, একটি অ্যান্কর বোট, একটি হাউস বোট, বালু বহনের ১,০০০ ফুট পাইপ এবং সদ্য উত্তোলিত ৭,৫০০ ঘনফুট বালু ও মাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ও পালিয়ে যাওয়া অন্য আসামিদের শনাক্তে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
