মোঃ মিরাজ হোসেন বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় মাদক ও হানি ট্র্যাপ চক্রের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় জেলা সদরের বিভিন্ন এলাকায় ৪টি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫ জন মাদক কারবারি ও ২ জন হানি ট্র্যাপ চক্রের সদস্য।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ পিপিএম।
যেভাবে অভিযান প্রথম অভিযানটি হয় গত সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের পশ্চিম ধূপতি গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) মোল্লা মো. জামাল উদ্দিনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ২১ পিস ইয়াবা, মাদক বিক্রির ৬৪০ টাকা ও একটি মিশুক গাড়িসহ স্বপন ও তারেক নামে দুজনকে আটক করা হয়।
দ্বিতীয় অভিযান হয় রাত সাড়ে ৮টার দিকে কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক এলাকায়। এসআই মঞ্জুরুল হাসানের নেতৃত্বে “কাওসার স্টোর” এর সামনে চেকপোস্ট বসিয়ে রুবেল সিকদার (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৯ পিস ইয়াবা ও একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা গাঁজার বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
একই রাতে তৃতীয় অভিযানে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসআই গোলাম হাফেজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভুক্তভোগীর লুণ্ঠিত মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় বরগুনা সদর থানায় দণ্ডবিধির ৩৮৪/৩৮৫/৫০৬ ধারায় একটি মামলা (নং-২০) হয়েছে।
এছাড়া জাকিরতবক এলাকায় রাত্রিকালীন চেকপোস্টে আরও ২ মাদকসেবীকে আটক করা হয়।
অভিযানের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন বলেন, “বরগুনায় কোনো মাদক তৈরি হয় না, সবই বাইরের জেলা থেকে আসে। আমরা শুধু স্থানীয় ব্যবসায়ী নয়, বাইরের সরবরাহকারীদেরও আইনের আওতায় আনছি। মাদকের টাকায় কেনা সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে।”
মাদক ও প্রতারণামুক্ত বরগুনা গড়তে যে কোনো তথ্য ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
The post বরগুনায় ২৪ ঘণ্টায় ৭ জন গ্রেপ্তার, মাদক ও হানি ট্র্যাপ চক্রের বিরুদ্ধে ডিবির অভিযান appeared first on সকালের খবর ২৪.
