এ বার বিশ্বকাপ Netflix-এছবি: AI নির্মিত
Published on
:
2 min read
২০২৬ সালের বিশ্বকাপে একাধিক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন ফুটবলপ্রেমীরা। আগামী বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি চার বছর। তবে এখনই প্রকাশ্যে এল বড় ঘোষণা। ২০৩০ সালের FIFA বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Netflix। মঙ্গলবার এই চুক্তির কথা ঘোষণা করেছে তারা। তবে শুধু স্পেনের জন্যই সম্প্রচার স্বত্ব পেয়েছে নেটফ্লিক্স। ফুটবলপ্রেমীদের জন্য থাকছে সুখবরও। চুক্তি অনুযায়ী, স্পেনে প্রতিদিন অন্তত একটি ম্যাচ বিনামূল্যে দেখার সুযোগ থাকবে। এমনকী স্পেনের ম্যাচগুলিও দেখা যাবে ফ্রি-টু-এয়ার সম্প্রচারে।
বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পাওয়া নিয়ে কী জানিয়েছে নেটফ্লিক্স?
Netflix জানিয়েছে, ৪৮ দলের বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে তারা। ২০৩০ সালে পালিত হবে বিশ্বকাপের শতবর্ষ। স্পেন, পর্তুগাল ও মরক্কোর সঙ্গে আয়োজক হিসেবে থাকছে দক্ষিণ আমেরিকার তিন দেশ— উরুগুয়ে, আর্জেন্তিনা ও প্যারাগুয়ে। প্রথম তিনটি ম্যাচ হবে দক্ষিণ আমেরিকায়। এর পরে মূল টুর্নামেন্ট আয়োজিত হবে ইউরোপ ও উত্তর আফ্রিকায়।
প্রতিদিন একটি ম্যাচ বিনামূল্যে
বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব সাধারণত এমন সংস্থাকে দেওয়া হয়, যাদের মাধ্যমে সবচেয়ে বেশি দর্শকের কাছে পৌঁছনো সম্ভব। সেই কারণেই এত দিন বিভিন্ন দেশে সরকারি বা ফ্রি-টু-এয়ার সম্প্রচারকারী সংস্থাগুলি বিশ্বকাপের সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। Netflix-এর সঙ্গে চুক্তিতেও এই বিষয়টি মাথায় রাখা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, স্পেনে প্রতিদিন একটি করে ম্যাচ বিনামূল্যে দেখানো হবে। পাশাপাশি স্পেনের প্রতিটি ম্যাচ, দু’টি সেমি ফাইনাল এবং ফাইনাল দেখানোর জন্য একটি ন্যাশনাল ফ্রি-টু-এয়ার সম্প্রচারকারী সংস্থার কাছে প্যাকেজ দেওয়া হবে।
তবে এই চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। ২০২৬ সালের বিশ্বকাপের স্পেনের সম্প্রচার স্বত্ব পেয়েছিল RTVE। একাধিক রিপোর্টে প্রকাশ, সেই চুক্তির মূল্য ছিল ৫ কোটি ৫০ লক্ষ ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৫০ কোটি টাকার কাছাকাছি।
পুরুষদের বিশ্বকাপে Netflix-এর বড় পদক্ষেপ
এই প্রথম পুরুষদের FIFA বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স। এর আগে ২০২৪ সালে আমেরিকায় ২০২৭ ও ২০৩১ সালের মহিলা বিশ্বকাপ সম্প্রচারের জন্য FIFA-র সঙ্গে চুক্তি করেছিল সংস্থাটি।
