প্রকাশিত: ২২:১৭, ১৫ অক্টোবর ২০২৬ আপডেট: ২২:১৯, ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আসামি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ হামলা চালানো হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন— এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নারীসহ দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরে তাদেরকে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর একদল মাদক কারবারি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। এ সময় তারা পুলিশ সদস্যদের হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও গাজীপুর সদর মেট্রো থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
ওসি জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
