নিজস্ব প্রতিবেদক, যশোর অক্টোবর ২১, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
যশোরের মালোপাড়ায় চুরির অপবাদে স্বাধীন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত স্বাধীন শহরের বারান্দী মোল্লাপাড়ার টিপু হোসেনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, স্বাধীন বিদেশে গিয়ে কর্মজীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন। তবে সেই স্বপ্ন পূরণের আগেই মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, গত শনিবার রাতে যশোর শহরের মালোপাড়া মন্দিরে পূজা দেখতে যান স্বাধীন। সেখানে চুরির অপবাদ দিয়ে তাকে বেধড়ক মারপিট করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তার মাথায় ২৬টি সেলাই দিতে হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। এদিন রাতেই স্বাধীনের মরদেহ যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার বাড়িতে পৌঁছায়। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহত স্বাধীনের দাদি সেলিনা বেগমের দাবি, মালোপাড়ার ওলি নামে এক নারী প্রথমে স্বাধীনকে আঘাত করেন। পরে সেখানে লোকজন জড়ো করে সংঘবদ্ধভাবে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। নিহতের বাবা টিপু হোসেনের অভিযোগ, ছোট কসাই, শহিদুল ও উজ্জ্বলসহ কয়েকজন পরিকল্পিতভাবে তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছেন। ছেলেকে হারিয়ে শোকাহত বাবা টিপু হোসেন হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
খুলনা গেজেট/এএজে
