বিসর্জনে নাচ রঞ্জিত মল্লিকেরছবি: Instagram
Published on
:
1 min read
দিনকয়েকের একরাশ আনন্দের পরে উমার ঘরে ফেরার পালা। চারিদিকে বিষাদের সুর। দশমীর ঢাকের বোল জানান দিচ্ছে, ‘আসছে বছর আবার হবে।’ প্রতি বছরই মল্লিক বাড়ির সিঁদুরখেলায় নজর থাকে সকলের। এ বারও তার অন্যথা নয়। লাল পাড় সাদা শাড়ি, ঐতিহ্যবাহী গয়নায় সেজে দেবীবরণ করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে এ বার বিসর্জনের অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কেড়েছে দাদু-নাতির নাচ।
পরিবারের সকলের সঙ্গে সিঁদুরখেলার আনন্দে মেতে কোয়েল। তবে সবকিছুর মাঝেই দায়িত্বে অনড় অভিনেত্রী। বাবা, স্বামী ও ছেলের হাত ধরেই বিসর্জনে সামিল হলেন তিনি। প্রতি বছরের মতো খোশমেজাজে দেখা মিলল রঞ্জিত মল্লিকের। ঢাকের তালে নাতি কবীরের সঙ্গে জমিয়ে নাচ করতে দেখা গেল অভিনেতাকে।
দাদুর সঙ্গে তাল মিলিয়ে জমিয়ে নাচ করল ছোট্ট কবীর। দু’জনের নাচ একেবারে একরকম। দাদুকে দেখেই কি এমন ভাসান নাচ শিখেছে কবীর? অনেকের মনেই রয়েছে প্রশ্ন। যদিও বাবাকে বেশিক্ষণ নাচতে দেননি কোয়েল। হাত ধরে টেনে নিয়ে যান। বলেন, ‘আর নেচো না বাবা’। কবীরদের আনন্দ দেখে একেবারে ছোটবেলায় ফিরে গিয়েছিলেন রঞ্জিত মল্লিক।
তবে এ দিন সিঁদুরখেলার অনুষ্ঠানে কন্যা কাব্যকে নিয়ে আসেননি কোয়েল। তাঁর কথায়, ‘ও এখন অনেকটাই ছোট। এখানে কাব্যর জায়গা নয়।’ তবে সব কিছুর মাঝেও মায়ের চলে যাওয়ায় মন খারাপ কোয়েলের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োবার্তায় কোয়েল বলেন, ‘আজ যদিও মনখারাপের পালা। কিন্তু নিজেদের সান্ত্বনা দিয়ে বলব, আসছে বছর আবার হবে। সকলে ভালো ও আনন্দে থাকবেন। অন্যদেরও আনন্দে রাখবেন।’