পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চান তাঁরা। শারদীয় দুর্গোৎসব চলাকালে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে।
সোমবার রাতে ফেনী শহরের জয়কালী মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। এখানে কে হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান, সেটি বড় কথা নয়। সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।
তিনি আরও বলেন, সব ধরনের সাম্প্রদায়িক বৈষম্যের ঊর্ধ্বে উঠে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, আমরা অতীতেও আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমরা সবাই মিলেমিশে বসবাস করব।
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিএনপি নেতা পার্থ পাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহাবুবউল করিম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এবং জেলা পূজা ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক জ্ঞান শর্মা।
এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এমএ
