ভোলার তজুমদ্দিনে মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২১ জেলেকে আটক করা হলেও অপ্রাপ্তবয়স্ক তিনজনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অভিযানে তিনটি মাছ ধরার ট্রলার ও অবৈধ জাল জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে উপজেলার মহিষখালী মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিনের নেতৃত্বে মৎস্য প্রশাসন এই অভিযান চালায়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ শিকারের খবর পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালিয়ে ২১ জেলেকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা সবাই তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযান শেষে জব্দকৃত অবৈধ জাল শশীগঞ্জ মৎস্যঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মাছ ধরার ট্রলারগুলো উপজেলা মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার অব্যাহত রাখলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর
