মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ সৌদি আরবের তায়েফ বিশ্ববিদ্যালয়ে ইসলামি আইনশাস্ত্র (ফিকহ) বিষয়ে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। ইমামতি, শিক্ষকতা ও গবেষণায় অবদানের পাশাপাশি তার এই পদোন্নতি গুরুত্বপূর্ণ অর্জন।
শায়খ ড. বান্দার বালিলাহ ১৯৭৫ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। শৈশবেই পবিত্র কোরআন হেফজ করেন তিনি। পরে ইসলামি শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জনের মাধ্যমে নিজেকে একজন আলেম ও গবেষক হিসেবে গড়ে তোলেন।
১৯৯৬ সালে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে ইসলামি আইনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ২০০৮ সালে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ফিকহ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন।
কর্মজীবনে মক্কার বিভিন্ন মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৩ সালের অক্টোবরে রাজকীয় আদেশে শায়খ বালিলাহ মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন। ওই বছরের রমজানে পবিত্র মসজিদে তারাবির নামাজে ইমামতি করেন তিনি।
মসজিদে হারামে যোগ দেওয়ার আগে তিনি মক্কার আশ-শিশাহ এলাকার শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন বায মসজিদে দায়িত্ব পালন করেন।
২০১৯ সালে মসজিদে হারামে জুমার খুতবা দেওয়ার দায়িত্ব পান শায়খ বালিলাহ। ২০২১ সালে তিনি আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়ার জন্য নির্বাচিত হন।
ধর্মীয় দায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত রয়েছেন শায়খ বালিলাহ। ২০১০ সালে তিনি তায়েফ বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও বিধিবিধান অনুষদের শরিয়া বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।
এ ছাড়া মসজিদে হারামের একাডেমিক ইনস্টিটিউটে ফিকহের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ইসলামি আইনশাস্ত্র নিয়ে তার একাধিক বই ও গবেষণাপত্র রয়েছে।
তায়েফ বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি তার দীর্ঘদিনের শিক্ষকতা ও গবেষণার ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতি।
শায়খ বালিলাহর দায়িত্ব শুধু ইমামতি ও শিক্ষকতার মধ্যে সীমাবদ্ধ নয়। ২০২০ সালের অক্টোবরে রাজকীয় আদেশে তাকে সৌদি আরবের জ্যেষ্ঠ আলেম পরিষদের সদস্য করা হয়। দেশটির গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে এই পরিষদ ভূমিকা রাখে।
মসজিদে হারামে ইমামতি, বিশ্ববিদ্যালয়ে পাঠদান, গবেষণা এবং জ্যেষ্ঠ আলেম পরিষদে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সৌদি আরবের ধর্মীয় ও শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন শায়খ ড. বান্দার বালিলাহ। তায়েফ বিশ্ববিদ্যালয়ে তার সাম্প্রতিক পদোন্নতি সেই কর্মজীবনে নতুন একটি অর্জন যোগ করল।
শায়খ ড. বান্দার বালিলাহর এ অর্জনে শুভকামনা জানিয়েছেন তার অনুসারী ও শুভানুধ্যায়ীরা। তারা তার জ্ঞান, প্রজ্ঞা ও কর্মে আরও বরকত কামনা করেছেন, যাতে তিনি ইসলাম ও মুসলমানদের কল্যাণে আরও বেশি অবদান রাখতে পারেন।
