প্রশিক্ষণে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা, গ্রাহকের পরিচয় যাচাই (কেওয়াইসি), গ্রাহকের তথ্য ও লেনদেন যাচাই (সিডিডি), সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ এবং কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির কর্মীদের আর্থিক অপরাধ প্রতিরোধ, নিয়মকানুন মেনে চলা ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে অর্থ পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক (এএমএল অ্যান্ড সিএফটি) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অ্যালায়েন্স ফাইন্যান্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
প্রশিক্ষণে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা, গ্রাহকের পরিচয় যাচাই (কেওয়াইসি), গ্রাহকের তথ্য ও লেনদেন যাচাই (সিডিডি), সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ এবং কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের যুগ্ম পরিচালক মো. জামাল হোসেন এবং উপপরিচালক মো. সোহানুর রহমান। এতে অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান্তি কুমার সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ প্রশিক্ষণের মাধ্যমে আর্থিক খাতের সুরক্ষা নিশ্চিত করা, আর্থিক সেবার অপব্যবহার প্রতিরোধ এবং প্রতিষ্ঠানে শক্তিশালী পরিপালন সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে অ্যালায়েন্স ফাইন্যান্স।
