পরিষ্কার-পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করা না গেলে ডেঙ্গু যেকোনো মুহূর্তে মহামারি আকার ধারণ করে মানুষের জীবন বিপন্ন করতে পারে বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর দৌলতখান উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাহজাহান শাজু, সহসভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, সহসাধারণ সম্পাদক ফখরুল আলম টপি ও সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুটিসহ অন্যরা।
এর আগে উপশহর বাংলাবাজারেও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উত্তর জয় নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান শাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন জহিরসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতারা।
এমএ
