বিভিন্ন চরিত্রে অভিনয়, বিশেষ করে কমেডি দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ব্রিটিশ অভিনেতা সাশা ব্যারন কোহেন। তবে এবার নিজের পরিচিত সেই ঘরানা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন 'দ্য ডিক্টেটর' খ্যাত এই অভিনেতা।
গত শুক্রবার (২৩ অক্টোবর) মুক্তি পেয়েছে কোহেন অভিনীত কমেডি সিনেমা 'আলি জি: হু ইজ আই?'। অভিনেতা জানিয়েছেন এটাই হতে যাচ্ছে তার কমেডি ঘরানার শেষ সিনেমা।
সম্প্রতি দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ৫৫ বছর বয়সী কোহেন। এটিই তার শেষ কমেডি সিনেমা, এমন কথা জানিয়ে কোহেন বলেন, ‘আমি এইমাত্র যে সিনেমাটি করেছি, সেটিই আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সিনেমা। কিন্তু এ ধরনের কাজ আর করব না।’
এর আগেও এ ধরনের কমেডি থেকে সরে আসার কথা বলেছিলেন এই অভিনেতা। এরপর আবার একই ঘরানার সিনেমায় কাজ! কেন করছেন, তা নিয়ে কোহেনের ব্যাখ্যা, সমাজ কোন দিকে যাচ্ছে, তা নিয়ে উদ্বেগ থেকেই নতুন সিনেমাটি করেছেন তিনি। সিনেমার মাধ্যমে রাজনৈতিক মতাদর্শের দুই প্রান্তের চরমপন্থা এবং ভালো কাজের নামে সহিংসতার বিপদ তুলে ধরতে চান।
কোহেনের ভাষায়, ‘আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে, তা নিয়ে আমি আতঙ্কিত। আমার সিনেমার মাধ্যমে আমি রাজনৈতিক মতাদর্শের দুই দিকের চরমপন্থা এবং নৈতিকতার দোহাই দিয়ে চালানো সহিংসতার বিপদ দেখাতে পারি।’
অভিনেতার মতে, এ ধরনের কমেডি নির্মাণ করা ঝুঁকিপূর্ণ এবং শারীরিকভাবেও বেশ কষ্টসাধ্য। নতুন সিনেমার শেষ দৃশ্যটি ১২টি লোকেশনে টানা আট ঘণ্টা ধরে ধারণ করা হয়েছে। দৃশ্যটিতে ছিল গুলির শব্দ, চিকিৎসার একটি প্রক্রিয়া, ড্রোন ও বিস্ফোরণের মতো নানা বিষয়। শুটিংয়ের সময় ঝুঁকি কমিয়ে সবার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছেন তিনি ও তার দল।
২০০০ সালে ‘ডা আলি জি শো’ দিয়ে পরিচিতি পান কোহেন। পরে ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘বোরাট’ তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এরপর ‘ব্রুনো’, ‘দ্য ডিক্টেটর’ ও ‘হু ইজ আমেরিকা’র মতো কাজেও দেখা গেছে তাকে। বিশেষ করে ‘দ্য ডিক্টেটর’ সিনেমায় স্বৈরশাসকের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান এই অভিনেতা। তবে এবার সেই কমেডিকে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করে তা থেকে সরে এসে অন্য ধরনের কাজে মন দিতে চান তিনি।
