আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী বাসের সঙ্গে একটি টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। ১১ অক্টোবর রোববার দেশটির মানিসা প্রদেশের আখিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় রোববার সকাল ১১টার দিকে গেবজে-ওরহাঙ্গাজি-ইজমির মহাসড়কের একটি টোল বুথের কাছে বাস ও ট্রাকটির সংঘর্ষ হয়।
মানিসার গভর্নর কার্যালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে আটক করেছে পুলিশ।
দুর্ঘটনার পর বাসটি উল্টে যায় এবং এর পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকটি কাঠের তক্তা বহন করছিল বলে জানা গেছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, নিহত ব্যক্তিরা তুরস্কের নাগরিক। তবে আহতদের মধ্যে বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান জানান, সরকারি কৌঁসুলির কার্যালয়ের সমন্বয়ে ঘটনাস্থলে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। এ দুর্ঘটনা সড়ক চলাচলের নিয়ম মেনে চলার গুরুত্ব আবারও তুলে ধরেছে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: আল জাজিরা
