দুই দশকেরও বেশি সময় ধরে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন ও অন্দরের নানা গল্প নিয়ে আলোচনার ঝড় তোলা জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ এবার ইতি টানতে চলেছে। জনপ্রিয় এই অনুষ্ঠানটির নবম ও শেষ মৌসুমের পর্দা নামার প্রস্তুতি চলছে। এবারের বিদায়পর্বটি স্মরণীয় করে রাখতে বলিউডের একঝাঁক তারকাকে অতিথি হিসেবে আনছেন সঞ্চালক করণ জোহর।
শেষ মৌসুমের অন্যতম বড় চমক হিসেবে থাকছে বৃত্তপূরণ। ২০০৩ সালে শাহরুখ খান ও কাজলকে দিয়ে এই শো’র যাত্রা শুরু হয়েছিল। শেষ মৌসুমের শেষ পর্বে তাই বিশেষ চমক হিসেবে থাকছেন ‘কিং খান’। তবে কাজলের বদলে দ্রুত প্রশ্নোত্তর পর্বে তার সঙ্গে মেয়ে সুহানা খানকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তারকা জুটি ও অন্যান্য অতিথিদের মধ্যে কারিনা কাপুর-সাইফ আলী খান, হবু বাবা-মা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা, রাশমিকা মান্দানা-বিজয় দেবেরাকোন্ডা এবং বোন শাহিন ভাটকে নিয়ে আলিয়া ভাট এই মৌসুমে উপস্থিত থাকবেন। পাশাপাশি পরিচালক এস এস রাজামৌলি, মহেশ বাবু ও সঞ্জয় লীলা বানসালির মতো নামী নির্মাতাদেরও অতিথি হিসেবে আনার আলোচনা চলছে।
স্টার ওয়ার্ল্ড ও পরবর্তীতে ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচারিত ‘কফি উইথ করণ’ ভারতীয় টেলিভিশনের অন্যতম প্রভাবশালী এবং আলোচিত টক শো। ২০০৩ সালের ১৯ নভেম্বর শুরু হওয়া এই অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করে আসছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহর।
শোটির মূল আকর্ষণ ছিল গত দুই দশক ধরে বলিউডের ভেতরের খবর, তারকাদের প্রেম, বন্ধুত্বের সমীকরণ এবং নানা বিতর্কিত বা মজার মন্তব্য নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছে এই শো। দীর্ঘ ২১ বছরের সফল যাত্রা শেষে এবার এক জাঁকজমকপূর্ণ সমাপনী মৌসুমের মধ্য দিয়ে চিরতরে বন্ধ হতে চলেছে ‘কফি উইথ করণ’।
