ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি টিভি ব্যক্তিত্ব, মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকাঙ্ক্ষা চৌধুরী পুনেতে এক অনভিপ্রেত ঘটনার শিকার হলেন। রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত প্রতিযোগী আকাঙ্ক্ষা পুনের পেডকর গ্রাউন্ডসে একটি নবরাত্রির অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েন। আয়োজকদের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়া, অব্যবস্থাপনা, প্রচারের কাজে তার ছবি ব্যবহার এবং জোর করে গাড়িতে তোলার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই মডেল।
অনুষ্ঠানের আয়োজক দলের তিন সদস্যের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানান আকাঙ্ক্ষা। তিনি দাবি করেন, ওই সদস্যদের বয়স ১৮ বছরের কাছাকাছি। অনুষ্ঠানে চরম ব্যবস্থাপনা ছিল উল্লেখ করে তিনি জানান, অনুষ্ঠান শেষ হওয়ার কথা রাত সাড়ে ১০টার মধ্যে হলেও সেই সময় পর্যন্ত তাকে আনতে কেউ আসেননি। একপর্যায়ে তাকে জোর করে একটি গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়।
সঙ্গে নিজের টিম না থাকায় এবং নিরাপত্তাহীনতায় ভুগে তিনি গাড়ি থেকে নামতে অস্বীকার করেন। কিন্তু আয়োজকরা তার কথায় গুরুত্ব দেয় না। পুরো পরিস্থিতিকে অপহরণের মতো বর্ণনা করে আকাঙ্ক্ষা জানান, বাধ্য হয়েই গাড়ি না থামানোয় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের চড় মারেন, যার পর গাড়ি থামে। ক্ষুব্ধ মডেল স্পষ্ট জানিয়েছেন, তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাবেন এবং দোষীদের বিরুদ্ধে আইনি মামলা করবেন।
এদিকে পারিশ্রমিক না দেওয়া ও জোর করে গাড়িতে তোলার এসব অভিযোগের বিষয়ে অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: এই সময়
