নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আবির হোসেন (২২) নামের এক সৌদিপ্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা এনামুল হক (৪৭) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁর অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনেরা।
আজ বুধবার বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত আবির হোসেন পুরানবাড়ি গ্রামের এনামুল হকের ছেলে। এক সপ্তাহ আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। তাঁর বাবা এনামুল হক রোয়াইলবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে এনামুল হকের সঙ্গে তাঁর চাচাতো ভাই বকুল মিয়ার বিরোধ চলছিল। এর জেরে গতকাল বিকেলে বকুল মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এনামুলের বাড়িতে অতর্কিত হামলা চালান। এ সময় এনামুল হক ও তাঁর ছেলে আবিরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবিরের মৃত্যু হয়। এনামুল হকের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনেরা।
আজ মমেক হাসপাতালে আবিরের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে স্বজনেরা মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।
ঘটনার পর থেকে অভিযুক্ত বকুল মিয়া আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।
ওসি তরিকুল ইসলাম বলেন, বসতঘরের সীমানা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। আবিরের মরদেহ নিয়ে স্বজনেরা এখনো বাড়ি ফেরেননি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
