কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে দিনের বেলায় সংঘটিত গণডাকাতির ঘটনায় এক নারী ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া মালামাল ও বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়াপাড়ার ছাবের আহমদের স্ত্রী উম্মে হাফসা (৩৭) এবং তার ছেলে মো. ফারুক (১৯)। ছাবের আহমদ ডাকাত ছাবের নামেও পরিচিত। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে গ্রেপ্তার দুজনের স্বজন ও স্থানীয় কয়েকজনের দাবি, ফারুক ও তার ছোট ভাই পাঁচ–ছয় বছর ধরে ঈদগাঁও বাজারের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন। ডাকাতির দিনও দুই ভাই সকাল থেকে রাত পর্যন্ত দোকানে কাজ করে বাড়ি ফেরেন। পরদিন সকালে দোকানে যেতে ফারুকের কিছুটা দেরি হয়। স্বজনদের ভাষ্য, এ সময় পুলিশ বাড়িতে গিয়ে ফারুকের বাবাকে না পেয়ে ফারুক ও তার মাকে নিয়ে যায়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সোমবার ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি জনপদে যাতায়াতের প্রধান সড়ক ঈদগাঁও–ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় সকাল ও বিকেলে পৃথক দফায় গণডাকাতির ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক যাত্রীর কাছ থেকে অস্ত্রের মুখে মালামাল লুট করা হয়। ঘটনার পর ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে স্থানীয় পুলিশ।

