ছোটপর্দায় আসছে ‘ধুরন্ধর ২’
বক্স অফিস কাঁপানোর পর এবার ছোটপর্দায় রাজত্ব করতে আসছে ধুরন্ধর ২। এই দুর্গাপুজোর দশমীতে টেলিভিশনের পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়র হতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
জিও স্টুডিওজ-এর পরিবেশনায় এবং বি৬২ স্টুডিওজ -এর ব্যানারে তৈরি এই ছবিটির পরিচালনা ও প্রযোজনা করেছেন আদিত্য ধর। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন একঝাঁক হেভিওয়েট তারকা— সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুন।প্রযোজক ও নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ব্লকবাস্টার এই সিক্যুয়েলটি আগামী ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় স্টার গোল্ড চ্যানেলে বিশ্বজুড়ে টেলিভিশনে প্রথমবার সম্প্রচারিত হবে।
সলমনের ‘কুছ কুছ’ সাহায্য
করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর একেবারে শেষ ও নবম সিজন নিয়ে ভক্তদের আবেগ এখন তুঙ্গে। এই সিজনের গ্র্যান্ড প্রিমিয়ারেই হাজির হয়ে শো-এর মঞ্চ মাতিয়েছেন সলমন খান। আর সেখানেই উঠে এসেছে বলিউডের এক রোমাঞ্চকর ইতিহাস— কীভাবে সলমনের এক সিদ্ধান্তে বেঁচে গিয়েছিল করণ জোহরের প্রথম পরিচালনা।
১৯৯৮ সালের ব্লকবাস্টার ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর কথা আজ কার না জানা! কিন্তু এই ছবির ‘অমন মেহরা’ চরিত্রটির জন্য যখন করণ জোহর একের পর এক তারকার কাছে গিয়েছিলেন, তখন প্রত্যেকেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ওই সময়ে প্রথম সারির কোনও অভিনেতা একটি সেকেন্ড লিড বা পার্শ্ব চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না। ঠিক সেই চরম সংকটের মুহূর্তেই ত্রাতা হয়ে এগিয়ে আসেন সলমন খান।
শো-এর এপিসোডে সেই স্মৃতি হাতড়াতে গিয়ে করণ জোহর শব্দে শব্দে মনে করিয়ে দেন সলমানের সেই ঐতিহাসিক ডায়লগটি। করণ জানান, সলমন তাঁকে বলেছিলেন— “তুই তো শপিং নিয়ে ব্যস্ত আছিস। কাল সকালেই এসে আমাকে ছবির গল্প শোনা।” পরের দিনই ঠিক সময়ে সলমনের অ্যাপার্টমেন্টে হাজির হন নবিটক পরিচালক করণ। ঘরের ভেতরে ঢুকে করণ যা দেখেন, তাতে তিনি প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন। হলুদ রঙের এক শর্টস পরে বসেছিলেন সলমন। আর সবচেয়ে বড় চমক ছিল— পুরো চিত্রনাট্য শোনার আগেই সলমন সোজা জানিয়ে দেন যে তিনি ছবিটি করছেন! শুধু তাই নয়, বিনা পারিশ্রমিকেই একটি স্পেশাল ক্যামিও করতে রাজি হয়ে যান 'ভাইজান'।
https://www.youtube.com/watch?v=vZCv49OXTLI&t=423s
দাপট কমছে না ‘দৃশ্যম ৩’র
অজয় দেবগণের ক্রাইম থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ দ্বিতীয় সপ্তাহের সোমবারে আয় কিছুটা কমলেও মঙ্গলবারে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে নিজের ক্ষমতা ফের প্রমাণ করেছে এবং মঙ্গলবারের ব্যবসায় এক ধাক্কায় ৪১ শতাংশ বাড়বাড়ন্ত দেখিয়েছে।
ট্রেড ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১২তম দিনে (দ্বিতীয় মঙ্গলবার) বিশ্বজুড়ে ১৪,৮৩২টি শো থেকে ছবিটির আয় হয়েছে ৮.৫০ কোটি টাকা। দ্বিতীয় সোমবারে ছবিটির ঝুলিতে এসেছিল ৬.২৫ কোটি টাকা, যা রবিবারের আয়ের (২২.৫০ কোটি টাকা ) তুলনায় ৭২.২২ শতাংশ কম ছিল। কিন্তু মঙ্গলবার থেকেই মোড় ঘুরতে শুরু করেছে। সোমবারে পাওয়া ধাক্কা সামলে মঙ্গলবারে ছবিটির আয় ৪১ শতাংশ বৃদ্ধি পাওয়া বক্স অফিসে এর দীর্ঘ স্থায়িত্বেরই ইঙ্গিত দেয়।প্রথম সপ্তাহেই ঘরোয়া বক্স অফিসে তাক লাগানো সাফল্য পেয়েছিল ‘দৃশ্যম ৩’। প্রথম ৭ দিনে ছবিটি আয় করেছিল ২৪৫.৫০ কোটি টাকা। আর দ্বিতীয় সপ্তাহের এই দুর্দান্ত কামব্যাকের ওপর ভর করে ছবিটি ভারতে নেট কালেকশনে ইতিমধ্যেই ৩২৩.৫০ কোটি টাকা ঝুলিতে পুরে নিয়েছে।
