প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার পাঠ্যবই ছাপার অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর তেজগাঁওয়ে একটি ছাপাখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
শনিবার (১৭ অক্টোবর) রাতে আকস্মিক এ পরিদর্শনে তার সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা বই ছাপার অগ্রগতি, মুদ্রণের মান, কাগজের গুণগত মান, কাটিং, বাইন্ডিং এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহের কার্যক্রম পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সারা দেশের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে বই ছাপা থেকে শুরু করে বাঁধাই ও সরবরাহ পর্যন্ত প্রতিটি ধাপে অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেককে সঙ্গে নিয়ে এনসিটিবি কার্যালয়ে পাঠ্যবই ছাপার অগ্রগতি পর্যালোচনা করেন। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
