নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে সরকারি জমি দখল করে কিংবা স্বল্পমেয়াদি ইজারা নিয়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে কেউ যেন প্রভাবশালী হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
তিনি বলেছেন, সরকারি সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি আইনগত প্রক্রিয়ায় উদ্ধার করা সরকারি জমিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠসংলগ্ন পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রমে গিয়ে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, কাউকে মাফিয়া ডন হয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না। এলাকার প্রকৃত ব্যবসায়ীরাই সেখানে ব্যবসা করার সুযোগ পাবেন। এক বছরের ইজারা নিয়ে সরকারি জমিতে তিন-চারতলা ভবন নির্মাণ করে প্রভাব বিস্তারের পরিস্থিতি আর তৈরি হতে দেওয়া হবে না।
নাজিরপুর বাজারের সরকারি জমি উদ্ধার প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, আইনগত প্রক্রিয়ায় সরকারি সম্পদ উদ্ধার করা হয়েছে। এতে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা তিনি অস্বীকার করেন না। তাঁদের ক্ষতি পুষিয়ে দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আগে সেখানে যাঁরা ব্যবসা করতেন, তাঁদের তথ্য যাচাই করে পুনরায় বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অধিকাংশই আগে ভাড়াটিয়া ছিলেন। তাঁদের মালিকানার আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে।
সরকারি সম্পদ উদ্ধার ও ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের ওপর গুরুত্ব দিয়ে কায়সার কামাল বলেন, নতুন করে কাউকে অবৈধভাবে অর্থ উপার্জন ও প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। নাজিরপুরকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেখানে দলমত-নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবেন এবং এলাকার মানুষ স্বস্তিতে বসবাস করতে পারবেন।
আইনের শাসনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। অতীতে আইন ভেঙে সরকারি জমিতে অট্টালিকা নির্মাণের ঘটনা ঘটে থাকলেও ভবিষ্যতে কাউকে এ ধরনের কাজ করতে দেওয়া হবে না। সবকিছুর নিষ্পত্তি হবে আইনগতভাবে। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
নাজিরপুরকে কলমাকান্দা ও দুর্গাপুরের উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, নাজিরপুরের উন্নয়ন হলে দুই উপজেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এলাকাটিকে মডেল হিসেবে গড়ে তুলতে ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিয়ে ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় নাজিরপুরে উন্নত স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান কায়সার কামাল। তিনি বলেন, সারা দেশের ছয়টি বিভাগে ছয়টি উন্নতমানের স্বাস্থ্যকেন্দ্র বা হেলথ হাব গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে নাজিরপুরেও একটি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
