কলেজ চত্বরে মণ্ডপEi Samay
Published on
:
1 min read
এই সময়, ময়নাগুড়ি: দেবী দুর্গার আরাধনার পাশাপাশি মানব পুজো ও উত্তরবঙ্গের বিভিন্ন জনগোষ্ঠীর শিল্প-সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ। ময়নাগুড়ির দোমহনী মোড় সংলগ্ন মনোরঞ্জন সাহা বিএড কলেজের দুর্গাপুজোয়। সপ্তম বর্ষের আয়োজনে তৃতীয়া থেকেই কলেজ চত্বর জমজমাট। কলেজের পড়ুয়া ও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষের অংশগ্রহণে এই পুজো মিলনমেলার রূপ নেয়।
ময়নাগুড়ির আনন্দনগর পাড়ার বাসিন্দা সমাজসেবী মনোজ সাহা করোনা অতিমারির সময়ে মা মায়ারানি ঘোষের ইচ্ছেয় কলেজ চত্বরে এই পুজোর সূচনা করেন। পরবর্তীতে যোগ হয় অভিনব বৈশিষ্ট্য। পরিচারিকা, দিনমজুর ও ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে শুরু হয় মানব পুজো। এ বারও নবমীতে এই পুজো হবে।
মনোজ সাহার স্ত্রী, শিক্ষিকা মিলি খাসনবিশ জানান, এ বারও দুঃস্থদের বস্ত্র বিতরণের পাশাপাশি রামসাই ও পার্শ্ববর্তী এলাকার বনবস্তির শিশুদের পুজোয় সামিল করা হবে। মনোজ বলেন, ‘পুজোর চার দিনে প্রায় ২০ হাজার মানুষের দুপুরের খাবারের আয়োজন করা হয়। এ বার রাজবংশী, রাভা, মেচ, সাঁওতাল-সহ বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরতে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
কলেজের পড়ুয়া ঋতুজা সিনহা জানান, পুজোর দিনগুলিতে সকলে মিলে আনন্দে সামিল হই। স্থানীয় বাসিন্দা ইশব আলি রায় ও ময়না দাসের কথায়, ‘কলেজের পুজোয় ছোট-বড় সকলেই আনন্দে অংশ নেন।’