Published on
:
1 min read
বিজ্ঞাপনের পরিচিত মুখ থেকে বড় পর্দায় নিজের জায়গা তৈরি করার পথে এগোচ্ছিলেন তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘পা’ ছবিতে অভিনয় করে দর্শকের মনে ছাপ ফেলেছিলেন। মালয়ালম ছবিতেও কাজ করেছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতিময় কেরিয়ার আচমকাই থেমে যায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায়। তিনি তরুণী সচদেব—যাঁকে দেশ চিনত ‘রসনা গার্ল’ নামে। ২০১২ সালের ১৪ মে, নিজের ১৪তম জন্মদিনেই নেপালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর এবং তাঁর মা গীতা সচদেবের। অল্প বয়সে তাঁর এমন আকস্মিক মৃত্যু বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছিল
ছোট বয়স থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। মাত্র চার-পাঁচ বছর বয়স থেকেই বিজ্ঞাপনের দুনিয়ায় কাজ শুরু করেন তিনি। অল্প সময়ের মধ্যেই একাধিক জনপ্রিয় সংস্থার বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে।
করিশ্মা কাপুরের সঙ্গে রসনার বিজ্ঞাপনে তাঁর উপস্থিতি দর্শকদের নজর কেড়েছিল। মিষ্টি মুখ, স্বতঃস্ফূর্ত অভিনয় এবং পর্দায় সাবলীল উপস্থিতির কারণে দ্রুত পরিচিত হয়ে ওঠেন তিনি। বিজ্ঞাপনের জগতে তাঁর এই জনপ্রিয়তার জন্যই ‘রসনা গার্ল’ নামটি কার্যত তাঁর পরিচয়ের সঙ্গে জুড়ে যায়।
২০০৯ সালে মুক্তি পাওয়া আর বালকির ‘পা’ ছবিতে অভিনয় করে আরও বড় পরিসরে পৌঁছে যান তরুণী। ছবিতে অমিতাভ বচ্চন অভিনীত অরো চরিত্রটির বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন এই শিশুশিল্পী।
