মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদক চোরাচালানবিরোধী অভিযানে উদ্ধার করা ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ।
রোববার (১৮ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি, জি; রামু সেক্টরের সেক্টর কমান্ডার; কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক; বান্দরবানের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
এক বছরে ১৬০ কোটি টাকার মাদক ও অন্যান্য মালামাল জব্দ
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক বছরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সর্বমোট ১৬০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে। এ সময় ২৮৫ জন আসামিকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
বিজিবি জানায়, মাদক বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য বড় হুমকি। মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), হেরোইন, গাঁজাসহ সব ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে ৩৪ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে বিজিবি মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনা এবং কক্সবাজার রিজিয়ন ও রামু সেক্টর সদর দপ্তরের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হচ্ছে। মাদকবিরোধী অভিযানে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধে ভবিষ্যতে অভিযান আরও কঠোর ও কার্যকর করা হবে। পাশাপাশি মাদকবিরোধী জনমত গঠন ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বাহিনীটি। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
The post নাইক্ষ্যংছড়ি সীমান্তে উদ্ধার করা মাদক ধ্বংস করল ৩৪ বিজিবি appeared first on sokalerkhobor24.com.
