নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং তার সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেশ কয়েকটি পূজামন্ডব পরিদর্শন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার ভুলতা, গোলাকান্দাইল ইউনিয়নের বেশ কয়েকটি পূজামন্ডব পরিদর্শন করেছেন।
এসময় তাদের সফরসঙ্গী হিসেবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, তার সহধর্মিণী আর্কিটেক্ট ইয়াছমিন ইসমাইল, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক, নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএফএম সালাহউদ্দিন আহমেদ, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অফ মিশন মেগান বোল্ডিনসহ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল সঙ্গে ছিলেন।
পরিদর্শনে পূজামন্ডপে নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও। তারা পূজামন্ডপের প্রতিমার পাশে দাঁড়িয়ে ছবি তুলেন এবং সেখানে কিছু সময় অবস্থান করে হিন্দুধর্মাবলম্বীদের সাথে আনন্দ উপভোগ করেন।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত পূজামন্ডপের আশপাশের শান্ত পরিবেশ, আইনশৃঙ্খলার উন্নতি, হিন্দু-মুসলিমদের সু-সম্পর্ক
ও আত্মীয় পরায়নে মুগ্ধ হয়ে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং তার সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় এলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, এড. গোলজার হোসেন, ফরিদ আহমেদ যুবরাজ, মামুন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা হাফিজুর রহমান, ছাত্রদল নেতা রাকিব ভুঁইয়া প্রমুখ।
বিদায়কালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে জামদানী শাড়ি ও পাঞ্জাবী উপহার দেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও তার সহধর্মিণী আর্কিটেক্ট ইয়াছমিন ইসমাইল।
চলতি বছরের ১৫ জানুয়ারি ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন।
The post মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন appeared first on sokalerkhobor24.com.
