সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার মিথ্যা ও কথিত অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৪০) নামে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে কালিগঞ্জ থানার কৃষ্ণনগর এলাকায় পুলিশ ও এসআরবির একটি যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
জানা গেছে, এর আগে শামীম ও তার স্ত্রীর মধ্যকার ব্যক্তিগত কথোপকথনের একটি অডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওইদিন স্থানীয় একটি বাজারে শামীমকে প্রথম দফায় মারধর করা হয়। পরে গ্রাম্য চিকিৎসকের চেম্বারে চিকিৎসা নেওয়ার সময় দ্বিতীয় দফায় মারধর করে। খবর পেয়ে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শামীমকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তৃতীয় দফায় অমানুষিক পিটুনি দেয়। পরবর্তী সময়ে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামীম মারা যান।
