রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে সংযোগ স্বাভাবিক হয়। আকস্মিক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেবা গ্রহণে সাময়িক ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ছয়টার দিকে প্রশাসনিক শাখা সংলগ্ন সুইচ বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কর্তব্যরত নার্স আগুন দেখতে পেয়ে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে যায় এতে পুরো হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।
বিজ্ঞাপন
টানা ছয় ঘণ্টা প্রচেষ্টার পর দুপুর বারোটার দিকে লাইনের ত্রুটি মেরামত শেষে ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়। বিদ্যুৎ সচল হওয়ার পর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম এবং ডায়ালাইসিস ও আইসিইউসহ জরুরি চিকিৎসাসেবা পুরোপুরি চালু করা হয়েছে। তবে প্রশাসনিক ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাবিহা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক ভবনের বিদ্যুৎ স্বাভাবিক করতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু হবে বলে আশা করা হচ্ছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জিতু কবীর/এফএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
