চৌগাছা পৌর প্রতিনিধি: যশোরের চৌগাছায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন (১৯) ও মিথিলা আক্তার (১৭) নামে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা এলাকায় ইমরানের চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা আক্তার চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার নাজমুলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মিথিলা একটি সুজুকি মনোটন মোটরসাইকেল চালিয়ে এক বন্ধুকে সঙ্গে নিয়ে চৌগাছা থেকে আড়ারদাহের দিকে যাচ্ছিলেন। পথে টালিখোলা এলাকায় পৌঁছালে যশোর থেকে চৌগাছাগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অয়ন ও মিথিলা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বিকেল ৪টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। মিথিলার অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে খুলনায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
একই দুর্ঘটনায় দুই তরুণ-তরুণীর মৃত্যুর খবরে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে তাঁদের এমন মৃত্যুতে শোকাহত স্থানীয় বাসিন্দারাও।
চৌগাছা থানার উপপরিদর্শক এসআই বেলাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

