২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর বিদায়ের ইঙ্গিত দিলেও আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল স্কালোনি। তবে চুক্তি নবায়নের বিষয়টি বেশ কিছুদিন ধরে ঝুলে ছিল। আগামী ডিসেম্বরে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছেন তিনি। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
আন্তর্জাতিক ফুটবলের পরিচিত ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে জানিয়েছেন, নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন স্কালোনি। এর ফলে ২০৩০ সালের জুলাই পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকতে পারেন তিনি। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে কিছুটা ভিন্ন তথ্য। তাদের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে দুই বছরের চুক্তি হবে, সঙ্গে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে স্কালোনির নতুন চুক্তির মেয়াদ প্রাথমিকভাবে হবে দুই বছর। পরে আরও দুই বছরের জন্য চুক্তি বাড়ানোর সুযোগ থাকবে। ২০২৮ সালের কোপা আমেরিকার পর চুক্তিতে একটি প্রায় স্বয়ংক্রিয় শর্ত যুক্ত হতে পারে, যার মাধ্যমে ২০৩০ বিশ্বকাপের শেষ পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হবে।
এই চুক্তি কার্যকর হলে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে স্কালোনির অধীনে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিতে পারে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, ২০৩০ বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আর্জেন্টিনায় টুর্নামেন্টের একটি উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঐতিহাসিক এই আসরের তিনটি ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে—প্রতিটি দেশে একটি করে। তবে বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে তিনটি উদ্বোধনী ম্যাচের পর টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে ইউরোপ ও আফ্রিকার আয়োজক দেশগুলোতে।
স্কালোনির চুক্তি নবায়ন প্রায় নিশ্চিত হলেও এএফএ পুরো কোচিং প্যানেলকে ধরে রাখতে চায়। এই কোচিং দলই স্কালোনির সঙ্গে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতেছে। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে দলটি রানার্সআপ হয়েছে। টিওয়াইসি স্পোর্টসের দাবি, পর্দার আড়ালে স্কালোনির সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে দায়িত্ব চালিয়ে যেতে রাজি করানোর চেষ্টা চলছে।
সেপ্টেম্বর-অক্টোবরে ফিফার সর্বশেষ আন্তর্জাতিক বিরতির সময় স্কালোনি বলেছিলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি সে আমার বন্ধুও। আমি তার মঙ্গল চাই। সে যদি কোনো সিদ্ধান্ত নিতে চায়, তবে তার সেই স্বাধীনতা দেওয়াই ন্যায্য।’
স্যামুয়েলের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার কথা বলার পাশাপাশি তাঁর অনুপস্থিতি দলের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, সে বিষয়েও জোর দিয়েছেন আর্জেন্টিনার কোচ। অর্থাৎ, প্রধান কোচ হিসেবে নিজের ক্যারিয়ারে পরিবর্তন আনতে চাইলে স্যামুয়েলের জন্য স্কালোনির দরজা খোলা রয়েছে।
