পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় মোট সাতটি জাহাজে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় বুধবার উত্তর পারস্য উপসাগরে বেআইনিভাবে তেল স্থানান্তরের (শিপ-টু-শিপ ট্রান্সফার) কাজে নিয়োজিত চারটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর ফলে সেগুলোয় আগুন ধরে যায়।
এ ছাড়া হরমুজ প্রণালীর পশ্চিমে আরও তিনটি জাহাজ সাগরে পুঁতে রাখা মাইনের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আইআরজিসির নৌবাহিনী তাদের বিবৃতিতে আরও জানায়, জনগণের বিশাল জাতীয় সমর্থনকে কাজে লাগিয়ে আইআরজিসি নৌবাহিনীর নাবিকরা হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন। সমুদ্রপথে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের উসকানির কারণেই দিনে দিনে এই ধরনের সামুদ্রিক দুর্ঘটনা ও সংঘাত বাড়ছে।
মার্কিন সামরিক বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর জেনে রাখা উচিত, যদি এই ধারা অব্যাহত থাকে, তবে আমাদের এই সংঘাতের পরিধি এ অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকেও বিস্তৃত হবে। এটি আমাদের স্পষ্ট ও কঠোর সতর্কবার্তা।
সূত্র: মিডল ইস্ট আই।
