পূজাকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে আনন্দ, সম্প্রীতি ও উৎসবের আমেজ।
মুহাম্মদ নূরুল ইসলাম, ফ্রান্স থেকে
এ বছর প্যারিসে ২৩টি অস্থায়ী পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। পূজাকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে আনন্দ, সম্প্রীতি ও উৎসবের আমেজ। প্যারিস মহানগর পূজা উদ্যাপন পরিষদ, ফ্রান্সের উদ্যোগে প্যারিসের উপকণ্ঠ ওভারভিলিয়ারের একটি হলরুমে স্থাপন করা হয়েছে অস্থায়ী পূজামণ্ডপ। সেখানে চলছে প্যারিসের অন্যতম বৃহৎ শারদীয় দুর্গাপূজার আয়োজন।
মহাষ্টমীতে ওই পূজামণ্ডপে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী দর্শনার্থীদের উপস্থিতিতে পূজামণ্ডপটি হয়ে ওঠে প্রাণবন্ত।
পূজামণ্ডপ পরিদর্শনে আসেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব, আয়বার মহাসচিব কাজী এনায়াত উল্লাহ ইনু। এ সময় তিনি পূজামণ্ডপে অবস্থান করেন এবং আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
ফ্রান্স বিএনপির পক্ষ থেকেও সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক সহসভাপতি শাহ জামান ও রশীদ পাটয়ারি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা এবং জুনায়েদ আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা প্যারিসের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন এফডিএইচআরের সাংগঠনিক সম্পাদক ও অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ।
পূজাকে কেন্দ্র করে প্যারিসের অস্থায়ী মণ্ডপগুলোতে চলছে পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা সাংস্কৃতিক আয়োজন। পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন বয়সী মানুষ মণ্ডপে সমবেত হচ্ছেন। বিশেষ করে বিকেল থেকে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। প্রবাসের ব্যস্ত জীবনে এ আয়োজন বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের জন্য হয়ে উঠেছে এক মিলনমেলা।
পূজামণ্ডপগুলোতে যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে দেবী দুর্গার আরাধনা করছেন ভক্তরা। পাশাপাশি চলছে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়। ধর্মীয় উৎসবকে ঘিরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি প্রবাসে সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি পূজার আয়োজনে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি শিল্পীরাও সংগীত পরিবেশন করছেন। বাংলা গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে বিকেল থেকেই পূজামণ্ডপে সমবেত হচ্ছেন দর্শনার্থীরা। শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে উঠছে অনুষ্ঠানস্থল।
প্রবাসে বাংলা ভাষা, গান ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফ্রান্সে বেড়ে ওঠা শিশু-কিশোর ও তরুণদের জন্য পূজামণ্ডপ হয়ে উঠেছে দেশের ঐতিহ্য, ধর্মীয় আচার ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে পরিচিত হওয়ার গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
প্রবাসী বাংলাদেশিদের কাছে শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, পারিবারিক ও সামাজিক বন্ধন নবায়নেরও উপলক্ষ। পূজাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর অনেকের সঙ্গে অনেকের দেখা হচ্ছে। আনন্দ ভাগাভাগির পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যেও নিজেদের শিকড় ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহ তৈরি হচ্ছে।
উৎসবের আমেজে মুখর প্যারিস, চলছে শারদীয় দুর্গোৎসবউৎসবের আমেজে মুখর প্যারিস, চলছে শারদীয় দুর্গোৎসব মুহাম্মদ নূরুল ইসলাম, ফ্রান্স
20 অক্টোবর ২০২৬ ফ্রান্সে শারদীয় পূজা উদ্যাপন কমিটির অন্যতম নেতা শুভ্রত শুভ বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও এবারের পূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে। পূজায় কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ অক্টোবর শুক্রবার শুরু হওয়া শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। পূজার শেষ দিন পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন চলবে।
সব মিলিয়ে প্যারিসে শারদীয় দুর্গাপূজা পরিণত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় আবেগ, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির এক বর্ণাঢ্য মিলনোৎসবে।
