ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার অধীন চোরবাগান সার্বজনীন পূজা প্যান্ডেলের প্রবেশ ও বের হওয়ার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আহত ৩৫ জনকে এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়।
কলকাতা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ভারী বৃষ্টির কারণে প্যান্ডেলের ভেতরে দর্শনার্থীদের ব্যাপক ভিড় জমে। একপর্যায়ে বের হওয়ার গেটের কাছে পদদলনের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ১৭ জনের মৃত্যুর পর প্যান্ডেলটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পদদলনের সময় অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, প্যান্ডেলে প্রবেশ ও বের হওয়ার গেট দুটিই ছিল বেশ সরু। পাশাপাশি ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। দুর্ঘটনায় তাঁর মেয়ে ও নাতি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগারওয়াল হাসপাতালে যান। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, চোরবাগান পূজা প্যান্ডেলে পদদলনের ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার শক্তি দিতে মা দুর্গার কাছে প্রার্থনা করেন তিনি।
