আর্জেন্টিনা ডাগআউটে দীর্ঘ হচ্ছে স্কালোনি অধ্যায়
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসাবে লিওনেল স্কালোনির অধ্যায়টা আরও লম্বা হচ্ছে। চলতি ডিসেম্বরে মেয়াদের শেষে সময় হলেও তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের ডাগআউটে থাকতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতায় পৌছেছেন তিনি। প্রাথমিকভাবে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের নতুন চুক্তি সই করবেন তিনি। পরবর্তীতে উভয় পক্ষ সম্মত থাকলে তা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে। পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচটিতে ডাগআউটে থাকবেন এই মাস্টারমাইন্ড।
স্প্যানিশ গণমাধ্যামের তথ্য অনুযায়ী ২০৩০ সালের ঐতিহাসিক শতবর্ষী বিশ্বকাপে আলবিসেলেস্তেদের কোচ হিসেবে থাকবেন স্কালোনি। সম্প্রতি ফিফা উইন্ডো চলাকালীন সময়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সাথে বৈঠক হয় এই মাস্টারমাইন্ডের। সে বৈঠকেই নিজের সম্মতি জানান ২০২২ বিশ্বকাপ জয়ী কোচ। নতুন এই চুক্তি সম্পন্ন হলে আর্জেন্টিনা ডাগআউটে তার সময়কাল পৌছাবে এক দশকে। ২০১৮ সালে লিওনেল স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচর দায়িত্ব নেন।
তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া বাকি আছে। নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে স্কালোনি আর্জেন্টিনায় পৌছালে আসতে পারে চুড়ান্ত আনুষ্ঠানিকতা।
আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই আকাশী-নীলদের সোনালী সময় উপহার দিয়ে চলেছেন লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার থেকে শুরু করে ফিনালিসিমা এবং ২০২২ সালে কাতারের মাটিতে ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপার অপেক্ষা অবসান ঘটিয়েছেন এই মাস্টারমাইন্ডের।
এদিকে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে। ১৩ নভেম্বর উরুগুয়ের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর ১৭ নভেম্বর ঘরের মাঠ কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে দলটির প্রতিপক্ষ কোস্টারিকা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
