টাঙ্গাইলের মির্জাপুরে নিয়মবহির্ভূতভাবে কাভার্ডভ্যানে গ্যাস বিক্রির অপরাধে 'মা সিএনজি রিফুয়েলিং স্টেশন'র মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা।
অভিযান সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানের ভেতরে সারি সারি শতাধিক মোবাইল গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি স্টেশন থেকে গ্যাস পূর্ণ করা হচ্ছিল। পরবর্তীতে এই গ্যাস বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে বাওয়ার কুমারজানি এলাকায় অবস্থিত মা সিএনজি রিফুয়েলিং স্টেশনে অভিযান চালিয়ে এর সত্যতা পান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
পরে 'বাংলাদেশ গ্যাস আইন, ২০১০'-এর ১৩ ধারায় স্টেশনটির মালিক ইব্রাহিম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা জানান, জননিরাপত্তা ও আইন পরিপন্থী এ ধরনের কার্যক্রম রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জেএইচআর
