লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছেড়ে দেওয়া একটি বাঘের হামলায় তিনজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীদয়রা জানান, সীমান্তের ওপার থেকে একটি বাঘ বাংলাদেশে প্রবেশ করে। ওই সময় মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। বাঘের আকস্মিক হামলায় শরিফা বেগম, আফসার উদ্দিন ও নজরুল ইসলাম নামের তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়দের অভিযোগ, সীমান্তের ওপারে জঙ্গল এলাকা থেকে বিএসএফ পরিকল্পিতভাবে এই বাঘটি বাংলাদেশে ছেড়ে দিয়েছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে গুলি ছুড়লেও বাঘটিকে কাবু করা সম্ভব হয়নি। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আল মামুন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের লোকজন আতঙ্কে রয়েছেন।
