ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির কাছে সাতটি তেলবাহী জাহাজ চলাচল অক্ষম করে দেওয়া হয়েছে। এ খবরের পর শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলারে পৌঁছায়। বৃহস্পতিবারও দাম বেড়ে ১১২ ডলারে উঠেছিল, যা গত ১৮ মে-এর পর সর্বোচ্চ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার অজ্ঞাত এক সূত্রের বরাতে জানায়, ইরানের নির্ধারিত নৌপথ ও নির্দেশনা অমান্য করা জাহাজগুলোর চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সমর্থিত বিকল্প দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহার করে কয়েকটি বাণিজ্যিক জাহাজ চলাচলের পর সেগুলোতে হামলা চালানো হয়। কয়েকটি জাহাজ সমুদ্রের মাইনেও আঘাত পেয়েছে বলে দাবি করেছে তেহরান।
বিজ্ঞাপন
তবে এসব ঘটনার স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যে ইরান জাহাজে হামলার ঘটনা বানিয়ে বলছে। ইরানের দাবি এবং ট্রাম্পের অভিযোগ কোনোটিই সব ঘটনার ক্ষেত্রে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি সরবরাহ, পরিবহন ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ে উদ্বেগ বেড়েছে।
সূত্র: সিবিএস নিউজ
