শুষ্ক মৌসুমের শেষে গড়াই নদে আবরার ফাহাদ সেতুর কাজ শুরুর আশা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
কুষ্টিয়া প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। আগামীকাল থেকে সম্ভাব্যতা যাচাই, মাটির পরীক্ষা ও নকশার কাজ শুরুর নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।
বুধবার দুপুরে কুমারখালীর কয়া ঘোড়াইঘাট এলাকায় প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের আগে প্রতিমন্ত্রী কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা কবরস্থানে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। পরে তিনি আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন।
সাংবাদিকদের শাহে আলম বলেন, সম্প্রতি আবরার ফাহাদের পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সেতু নির্মাণের দাবি জানায়। এরপর প্রধানমন্ত্রী দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী এলজিইডির সেতু-সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়ে তিনি স্থানটি পরিদর্শন করেছেন।
প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবার থেকে সেতুর সম্ভাব্যতা যাচাই, মাটির পরীক্ষা ও নকশার কাজ শুরুর নির্দেশনা দেওয়া হবে।
তিনি বলেন, সেতুটি নির্মাণে প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। এ জন্য পৃথক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করতে হবে। পরে পরিকল্পনা কমিশন, অর্থ বিভাগ ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন নিতে হবে।
শাহে আলম আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চলতি শুষ্ক মৌসুমের শেষ দিকে দরপত্রের মাধ্যমে সেতুর মূল নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।
এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব জাকির সরকার, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্য ফরিদা পারভিন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
