ঢালিউড অভিনেতা শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত বছরের অক্টোবরে শুটিং শুরু হওয়া সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি। বাকি রয়েছে নয় দিনের শুটিং। ফলে চলতি বছরের ডিসেম্বরেও সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সিনেমাটির ডাবিংয়ের বড় একটি অংশ শেষ করেছেন শাকিব খান। তবে বাকি শুটিং শেষ করতে একাধিকবার সময় নির্ধারণ করেও কাজ শুরু করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিচালক সাকিব ফাহাদ ও নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন নির্ধারিত সময়ে শুটিং শুরু করতে পারেননি বলে সূত্রের দাবি।
ঈদুল আজহায় ‘রকস্টার’ সিনেমা মুক্তির পর এবং গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান দেশে ফেরার পরও ‘সোলজার’-এর শুটিংয়ের পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি।
এ বিষয়ে শাকিব খানের ব্যবস্থাপক মনির জামান জানান, বারবার শিডিউল নেওয়া হলেও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। তাঁর ভাষ্য, যে পরিমাণ সময় নেওয়া হয়েছিল, তাতে সহজেই দুই থেকে তিনটি সিনেমার কাজ শেষ করা সম্ভব হতো। গত কয়েক বছরে শাকিব খানের অন্য কোনো সিনেমার ক্ষেত্রে এমন দীর্ঘসূত্রতা দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সিনেমাটির শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিককে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক টেকনিশিয়ান জানান, অধিকাংশ কলাকুশলীর পাওনা এখনো পরিশোধ করা হয়নি। বকেয়া অর্থ না পেলে তাঁরা নতুন করে শুটিংয়ের জন্য সময় দিতে আগ্রহী নন।
তবে বকেয়া পারিশ্রমিকের অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। তাঁর দাবি, শুটিং শেষ হওয়ার আগে পুরো পারিশ্রমিক পরিশোধের নিয়ম নেই। কাজ শেষ হলে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে এবং প্রকাশ করা হবে টিজার।
বর্তমানে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। চলতি মাসের শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। পরে হিমেল আশরাফের ‘মহব্বত’ সিনেমার কাজ শুরু করার পরিকল্পনাও রয়েছে।
এ পরিস্থিতিতে শাকিব খানের পরবর্তী সিনেমাগুলোর শুটিংয়ের ব্যস্ততার মধ্যে ‘সোলজার’-এর বাকি নয় দিনের কাজ কবে শেষ হবে, তা এখনো নিশ্চিত নয়। ফলে সিনেমাটির মুক্তির সময়সূচি নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।
এমএম/
