গাজীপুরের শ্রীপুরে স্থানীয় নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লি: এর বর্জ্য বহনকারী লড়ির চাপায় বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের (৫৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার আজ দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌর শহরের রেলগেইটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জনতা ঘাতক লড়ি ও চালক ইউসুফকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত হাছেন আলীর ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিক রেলগেইটে সড়কের এক পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারীর বর্জ্য বহনকারী লড়ি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। তিনি সড়কে পড়ে গেলে লড়ির পেছনের চাকা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন লড়ির চালক ইউসুফকে আটক করে পুলিসে সোপর্দ করেছে।
নিহতের বড় ভাই মোস্তফা জানান, সিদ্দিক সকালে বাড়ি থেকে বাজারে আসে। রেলগেইট পার হয়ে সড়কের পাশ দিয়ে হাঁট ছিলেন তিনি। এ সময় লড়ি তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। লড়ির পেছনের চাকা পিষ্ট হয়ে তার পাঁজরের হাড় ও মাথা পিষে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত লড়ি ও লড়ির চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
