সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা ও বিড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ৩ নম্বর দুবাগ ইউনিয়নের সুতারকান্দি বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। স্থানটি সীমান্ত পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।
বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীন বড়গ্রাম বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে ১৩০ গ্রাম ভারতীয় গাঁজা, ৭ প্যাকেট ভারতীয় নাসির বিড়ি, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান, এসইউপি, অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
