‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মাননাপ্রাপ্ত নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে ভৈরব বাসস্ট্যান্ডে অবস্থিত নিসচার কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আলাল উদ্দিন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ।
এ সময় আরও বক্তব্য দেন নিসচা ভৈরব শাখার সহসাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন সুজন, সহসাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন ও সাবিনা ইয়াসমিন, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, প্রচার সম্পাদক আশরাফুল আলম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, যুববিষয়ক সম্পাদক হাজী জামান, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম, জামাল মিয়া, এনামুল হক ও হাজী কুদ্দুস, লোকমান মিয়া এবং সদস্য জুয়েল মিয়া, খালেদা বেগম, আখি নূর আক্তার, মোশাদ মিয়া ও ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চেম্বার পরিচালক, পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তাঁরা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা, দক্ষ চালক তৈরি এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে নিসচা ভৈরব শাখা ১ অক্টোবর থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন স্কুল-কলেজে জনসচেতনতামূলক অনুষ্ঠান, সড়ক প্রচারাভিযান, রচনা, বিতর্ক, সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, পরিবহন চালকদের প্রশিক্ষণ এবং পুরস্কার বিতরণ।
সড়ক দুর্ঘটনা কমানো, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এসব কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। নিসচা ভৈরব শাখা ইতিমধ্যে পরপর চারবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের পুরস্কার অর্জন করেছে।
এমএ
