in সারাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হরিপুর মসজিদের নিকটে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র নজরুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজর নামাজ শেষে জিংলাতলী গ্রামের বাড়ি থেকে প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে তারা মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। হাঁটার একপর্যায়ে গৌরীপুর ইউনিয়নের হরিপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত দ্রুতগামী যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুজনই ছিটকে রাস্তার পাশের নিচে পড়ে যান। প্রায় এক ঘণ্টা পর পথচারীরা তাদের পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। একসাথে স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী ও স্ত্রীর মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৩ অক্টোবর ২০২৬
