ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। গত ১০ অক্টোবর অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায় শেখ রফিকুল ইসলাম বাবুলকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৬ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় আগের সভার সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
নতুন নেতৃত্বের অধীনে দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির নেতারা। এ সময় দলের মহাসচিব ড. আবু ইউসুফ, যুগ্ম মহাসচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক-লেখক আলহাজ মোহাম্মদ জহিরুল হক (জে. ই. বুলবুল) সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
নতুন দায়িত্ব পেয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ ও দর্শনের আলোকে তাঁর কাঙ্ক্ষিত ইসলামী সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার কথাও তুলে ধরেন।
দলীয় নেতারা জানান, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং শোষণ-বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে আগামী দিনে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ ছাড়া অচিরেই দলের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
বিআলো/আর আই