নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে আহত তানভীরুল ইসলাম (২৬) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তানভীরুল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বায়েজিদ থানার যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শরীরে থাকা বুলেটের ক্ষত ও দীর্ঘস্থায়ী অসহ্য শারীরিক যন্ত্রণার হতাশা থেকে তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন তার সংগঠনের নেতারা।
গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। এটি জানাজানি হয় একদিন পরে ২১ অক্টোবর রাতে।
নিহত তানভীরুল ইসলাম কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামের মো. আবু ইউসুফ ও তাসলিমা বেগম দম্পতির ছেলে। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকার জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মইনুদ্দিন গণমাধ্যমকে জানান, তানভীরুল একজন তালিকাভুক্ত আহত জুলাইযোদ্ধা ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী সন্ত্রাসীদের গুলি তার কোমরের একপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল। শরীরের সেই ক্ষত অসহনীয় যন্ত্রণা দিতো তাকে। মাঝে মাঝে সেখানে ইনফেকশন হতো। এ জন্য তাকে নিয়মিত হাসপাতালে যেতে হতো। এটি আর সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে তাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
